বাঘারপাড়ায় আজ অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণের জন্য করা তালিকা থেকে যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের নাম বাদ পড়ায় গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ, সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। কলেজের শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ স্থানীয় লোকজন উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে এসব কর্মসূচি পালন করেন। জাতীয়করণের তালিকায় কলেজটির নাম পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

এদিকে বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়ন কমিটির ব্যানারে উপজেলায় আজ সোমবার অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে। 

গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। পরে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে মানববন্ধন করা হয়। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে বাঘারপাড়া-নারকেলবাড়িয়া সড়ক অবরোধ করেন। বেলা দেড়টার দিকে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। পরে সেখানে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল মতিন।

অধ্যক্ষ আবদুল মতিন বলেন, ‘গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতীয়করণের জন্য করা তালিকায় ৬৪টি কলেজের মধ্যে তাঁদের কলেজের নাম ছিল। ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম শেষ হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত একটি খবর থেকে জানতে পেরেছি, আমাদের কলেজ বাদ পড়েছে। খোঁজখবর নিয়ে জানতে পেরেছি ঘটনা সঠিক। তবে এ বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি।’

সমাবেশে আরও বক্তব্য দেন বাঘারপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হায়দার আলী, পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক মেয়র খলিলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্লাহ খন্দকার প্রমুখ।

এদিকে গতকাল মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে আহ্বায়ক করে বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির ব্যানারে সন্ধ্যায় উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে মিছিল বের হয়। পরে সেখান থেকে আজ উপজেলায় অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) হরতালের ডাক দেওয়া হয়।