বাঘারপাড়ায় চিত্রায় পাট জাগ, পানিদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা নদীতে পাট জাগ দেওয়া হয়েছে। উপজেলার গলগলিয়া এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা নদীতে পাট জাগ দেওয়া হয়েছে। উপজেলার গলগলিয়া এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

যশোরের বাঘারপাড়া উপজেলায় চিত্রা নদীর পানিতে প্রচুর পরিমাণ পাট জাগ দেওয়া হয়েছে। এতে পানি দূষিত হয়ে পড়েছে। বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর মাছ মরে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই পানি গোসল কিংবা গৃহস্থালির কাজেও ব্যবহার করতে পারছে না।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলগ্রাম এলাকায় কাজলা নদী থেকে বেরিয়েছে চিত্রা। এরপর নদীটি এঁকেবেঁকে বিল জলেশ্বরে বুড়ি ভৈরবের সঙ্গে মিশেছে। চিত্রার দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। চিত্রার উৎসমুখে একটি জলকপাট (স্লুইস গেট) রয়েছে। এই জলকপাট দিয়ে চিত্রার জোয়ার–ভাটা নিয়ন্ত্রণ করা হয়। বিলুপ্তপ্রায় প্রজাতির মাছের জন্য শুষ্ক মৌসুমে নিরাপদ আশ্রয়স্থল ও প্রজনন মৌসুমে বিচরণক্ষেত্র তৈরির জন্য ২০০৩ সালে চিত্রা নদীর গভীর ও প্রশস্ত অংশ বাঘারপাড়া থানার পাশের ৪ দশমিক শূন্য ৫ হেক্টর এলাকায় একটি অভয়াশ্রম গড়ে তোলা হয়। এ ছাড়া মে মাসে নদীর গলগলিয়া এলাকায় ১ হেক্টর আয়তনের আরও একটি অভয়াশ্রম গড়ে তোলা হয়। অভয়াশ্রমের এক কিলোমিটার এলাকার মধ্যে পাট জাগ দেওয়া নিষিদ্ধ।

১৬ আগস্ট সরেজমিনে দেখা গেছে, ধলগ্রাম থেকে বিল জলেশ্বর পর্যন্ত চিত্রা নদীর পানিতে অনেক পাট জাগ দেওয়া রয়েছে। নদীর পাশে একটি বড় সাইনবোর্ড টানানো। সেটিতে লেখা, চিত্রা নদী মৎস্য অভয়াশ্রম। অভয়াশ্রম ও এর পার্শ্ববর্তী এক কিলোমিটার এলাকার মধ্যে নদীতে পাট জাগ দেওয়া নিষিদ্ধ।

কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিবছর আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে তাঁরা বেশির ভাগ পাট নদীতে জাগ দেন। এই সময় ধলগ্রাম জলকপাটের বেশির ভাগ কপাট বন্ধ রাখা হয়। পাট জাগ দেওয়া শেষ হলে কার্তিক মাসে জলকপাট খুলে দেওয়া হয়। এতে নদীতে জোয়ার–ভাটা হয়। এই নদী গভীর। তা ছাড়া এ সময় নদীতে যেটুকু জোয়ার–ভাটা থাকে, তাতে পাটের আঁশের রং ভালো হয়।

উপজেলার ঠাকুরকাঠি গ্রামের কৃষক তৈয়ব আলী এবার দেড় বিঘা জমিতে পাটের চাষ করেছেন। কাটার পর সব পাট তিনি চিত্রা নদীতে জাগ দিয়েছেন। তিনি বলেন, ‘নদীর পানিতে পাট পচালে পাটের রং ও মান ভালো হয়। দামও ভালো পাওয়া যায়।’

অভয়াশ্রম থেকে একটু দূরে তালবাড়িয়া গ্রাম। সেখানে নদীর পানিতে ভাসছে জাগ দেওয়া পাট। নদীর তীরে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন ওই গ্রামের গৃহবধূ স্বপ্না বিশ্বাস। তিনি বলেন, ‘রান্নাবান্নাসহ গৃহস্থালির কাজে আমরা নদীর জল ব্যবহার করি। নদীতে স্নান করি। কিন্তু পাট জাগ দেওয়ায় আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে নদীর পানি কালো ও ুর্গন্ধ হয়ে যায়। এবারও তা–ই হয়েছে। এ কারণে আমরা এখন নদীতে স্নান করছি না। নদীর জল ব্যবহারও করছি না।’

দোহাকুলা গ্রামের মৎস্যজীবী খোকন বিশ্বাস বলেন, নদীতে আগের মতো মাছ নেই। যা সামান্য মাছ ছিল, নদীতে পাট জাগ দেওয়ায় তা–ও মরে যাচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘চিত্রা নদীতে পাট জাগ না দেওয়ার জন্য আমরা কৃষকদের বারবার বলেছি। সতর্কীকরণ সাইনবোর্ডও টানানো হয়েছে। কিন্তু তাঁরা তা শোনেননি। নদীর বেশির ভাগ এলাকাজুড়ে পাট জাগ দিয়েছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহীদুল আলম বলেন, রিবন রেটিং পদ্ধতিতে পাট পচানোর জন্য উপজেলার কৃষকদের ৯০টি রিবোনার দেওয়া হয়েছে। কিন্তু কৃষকেরা এই পদ্ধতিতে পাট পচাতে আগ্রহী নন।