বাঘারপাড়ায় দুই পক্ষের 'গোলাগুলিতে' মাদক ব্যবসায়ী নিহত
যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলিতে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর ভাটার আমতলা এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে নিহত ওই মাদক ব্যবসায়ীর (৩২) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুল হক খান বলেন, গতকাল রাতে বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর ভাটার আমতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কের পাশে একটি মেহগনিবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে দিবাগত রাত তিনটার দিকে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে সেখান থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এখনো তাঁর পরিচয় জানা যায়নি। এ সময় সেখান থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি, একটি গুলির খোসা ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।