বাঘারপাড়ায় বাসের চাপায় তিন কিশোর নিহত
যশোরের বাঘারপাড়া উপজেলায় বাসের চাপায় আলমসাধুর (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) আরোহী িতন কিশোর নিহত হয়েছে৷
গতকাল বুধবার দুপুরে যশোর-নড়াইল সড়কে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার পর এলাকাবাসী দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন৷
নিহত কিশোরেরা হলো, উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সিরাজু মোল্লার ছেলে গফুর হোসেন (১৭), মনছের আলীর ছেলে হাবিবুর রহমান (১৩) ও মাজেদ ফকিরের ছেলে আলমসাধুর চালক রুবেল হোসেন (১৫)৷ নিহত তিন কিশোরই দিনমজুরের কাজ করতো বলে জানা গেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাড়াভিটা বাজার থেকে দুপুরে চালকসহ ওই তিন কিশোর আলমসাধুতে চড়ে বাড়ি ফিরছিল৷ যশোর-নড়াইল সড়কের পূর্ব শ্রীরামপুর গ্রামের মোড়ে পৌঁছালে যানটিকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়৷ ঘটনাস্থলেই রুবেল মারা যায়৷ হাসপাতালে নেওয়ার পথে হাবিবুর রহমান এবং হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর গফুর মারা যায়৷
এ দুর্ঘটনার পর এলাকাবাসী গতিরোধক নির্মাণের দাবিতে ওই সড়ক অবরোধ করেন৷ এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়৷ দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বলেন, ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে গেছেন৷ বাসটি পুলিশের হেফাজতে রয়েছে৷ নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে৷
বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আনছার আলী খান বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী সড়কে যান চলাচল বন্ধ করে দেন৷ নিহত তিনজনই মাছের ঘেরে জাল টানাসহ দিনমজুরের কাজ করে৷ রুবেল মাঝেমধ্যে আলমসাধু চালাত৷ নিহত ওই তিন কিশোরের বাবারাও পেশায় দিনমজুর৷