বাঘারপাড়ায় বাড়িতে তাণ্ডব
যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদ আলীপুর গ্রামের শাহিন মোল্লার বাড়িতে গতকাল শনিবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত শুক্রবার ওই বাড়ির পাশ থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়। ওই ছাত্রের নাম মাসুদ রানা।
সে বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের (বিসিএমসি) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। হত্যা করার অভিযোগ তুলে মাসুদ রানার (১৯) সহপাঠী ও স্বজনেরা শাহিনের বাড়িতে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে বিসিএমসির কলেজের ছাত্র ও শিক্ষকেরা একটি বাস নিয়ে মাসুদদের বাড়িতে আসেন। এ সময় মাসুদের স্বজনেরা ছাত্রদের নিয়ে শাহিন মোল্লার বাড়িতে তাণ্ডব চালায়। বিসিএমসি কর্তৃপক্ষ দাবি করেছে, নিহত ছাত্রের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর জন্য ছাত্ররা ওই গ্রামে গিয়েছিল। তারা ভাঙচুরের ঘটনায় জড়িত নয়।
হত্যার অভিযোগে মাসুদ রানার বাবা জামাল মণ্ডল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গতকাল বাঘারপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।