রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রেজাউল করিম (৪০) নামের এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা করেছেন তাঁর স্ত্রী। রেজাউল উপজেলার জোতনশী গ্রামের লোকমান আলীর ছেলে।
রেজাউলের পরিবারের অভিযোগ, তাঁকে ইচ্ছাকৃতভাবে চাপা দিয়ে মারা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শরৎচন্দ্র সরকার বলেন, আদালত মামলাটি গ্রহণ করে রাজশাহীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মনিগ্রাম বাজারে ১ মার্চ অটোরিকশার ধাক্কায় রেজাউল করিম মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি।
রেজাউলের স্ত্রী লিপি আরা বলেন, তাঁর দুই ছেলে তুষার (১০) ও আরাফাত (৩)। স্বামী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রেজাউল হঠাৎ মারা যাওয়ায় দুই ছেলেকে নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
লিপি ও রেজাউলের পরিবারের সদস্যদের অভিযোগ, সেদিন বাড়ি থেকে বের হয়ে সাইকেল নিয়ে বাজারের উদ্দেশে যাচ্ছিলেন রেজাউল। এ সময় বাঘা বাসস্ট্যান্ড এলাকার মোমজেদ আলীর ছেলে মিন্টুর অটোরিকশার সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে রেজাউলের সাইকেলের ক্ষতি হয়। সাইকেলের ক্ষতিপূরণ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিন্টু ইচ্ছাকৃতভাবে রেজাউলের ওপর দিয়ে অটোরিকশা চালিয়ে দেন। লিপি আরও বলেন, ‘এ ঘটনার পরের দিনই থানায় গিয়েছিলাম মামলা করতে। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি। কয়েক দিন পর রেজাউল হাসপাতালে মারা যাওয়ার পরও থানায় গিয়েছিলাম। কিন্তু তাও ওসি মামলা নেননি।’ তাই বাধ্য হয়ে গতকাল আদালতে তিনি ওই মামলা করেন।
তবে বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, ‘দুর্ঘটনার পরই তাঁদের আমি মামলা দিতে বলি। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য তাঁরা থানায় অভিযোগ করেননি। অটোরিকশাটি স্থানীয় লোকজন আটক করেন। কিন্তু মীমাংসা না করেই ছেড়ে দেন স্থানীয় ব্যবসায়ীরা। অটোরিকশা ছেড়ে দেওয়ার পর তাঁরা থানায় এসেছিলেন মামলা করতে। কিন্তু গাড়ি আটক না থাকায় আমি মামলা নিতে পারিনি।’