বাঘায় আ.লীগ সমর্থকের রগ কর্তন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের এক সমর্থকের হাতের রগ কেটে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে মিছিল থেকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় তাঁকে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মিজানুর রহমানের (২০) বাবার নাম বাদশা আলম। বাড়ি উপজেলার চকছাতারী গ্রামে।
বাঘা উপজেলা যুবলীগের সভাপতি বাবুল ইসলাম জানান, উপজেলায় মিছিল শেষে মিজানুর একাই বাড়ি ফিরছিলেন। চকছাতারী মসজিদের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা বিএনপির কর্মীরা তাঁর ওপর হামলা চালান।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিজভী ইয়াজদানী বলেন, তাঁর বাম হাতের কবজির নিচের দিকে গুরুতর জখম হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাঁরা ধারণা করছেন, তাঁর হাতের একটি প্রধান শিরা কেটে গেছে।
তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এখন আওয়ামী লীগ-বিএনপি হয়ে গেছে।