বাঘায় আবুল কাশেম ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান
রাজশাহীর বাঘায় আবুল কাশেম শিক্ষাবৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার সকাল ১০টায় মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে। আবুল কাশেম ট্রাস্টের উদ্যোগে ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ৪১৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জনকে বৃত্তি দেওয়া হয়।
বেলা সাড়ে ১২টায় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল হকের সভাপতিত্বে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারীকে নগদ পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে তিন হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে দুই হাজার টাকা এবং ৪৭ জনকে এক হাজার টাকাসহ প্রত্যেককে একটি করে সনদ দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আলোকিত মানুষ পলান সরকার। এ সময় বিশেষ অতিথি ছিলেন মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হাসান, বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব, থানার ওসি আবুল খায়ের প্রমুখ।