বাঘায় জামায়াতের হামলায় আ.লীগের ছয় কর্মী আহত
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে গতকাল বৃহস্পতিবার দুটি কেন্দ্রে প্রভাব বিস্তার করা নিয়ে জামায়াতে ইসলামীর কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের ছয়জন কর্মী আহত হয়েছেন। তাঁদের তিনজনকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে জামায়াতের কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। এ সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে জামায়াতের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালান। হামলায় আওয়ামী লীগের কর্মী মেহেদী হাসান, মাহাবুবুর রহমান, সাইদুর রহমান ও মহব্বত আলী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করে।
কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মজিবুর রহমান বলেন, হামলার ঘটনার সময় প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। আহত ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান ও মাহাবুবুর রহমানকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।