বাঘায় ডিও ‘ছিনতাই’ ঠেকাতে পুলিশ
রাজশাহীর বাঘা উপজেলায় টেস্ট রিলিফের (টিআর) চাল বরাদ্দ পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠান বিপাকে পড়েছে। সরকারি হিসাবে এই চালের দাম ধরা হয়েছে টনপ্রতি ৩৩ হাজার ৮০৫ টাকা। অথচ এই চালের বাজারদর প্রায় ২০ হাজার টাকা।আর সরকারি দলের নেতা-কর্মীদের একটি চক্র প্রতি টন চালের ডিও (সরবরাহের আদেশ) বরাদ্দ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ১৩ হাজার টাকায় জোর করে কিনে নিচ্ছেন। এই চক্র ঠেকাতে গতকাল রোববার থেকে উপজেলা পরিষদ চত্বরে পুলিশ পাহারা বসানো হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন। জানতে চাইলে তিনি বলেন, বাঘায় সরকারি দলের ৫৭ জন নেতা-কর্মী এর সঙ্গে জড়িত।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি অর্থবছরে স্থানীয় সাংসদের কোটা থেকে ১৫০ টন টিআর ও ১৭২ টন কাবিখার চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সাধারণ কোটা থেকে আরও ১২৫ টন টিআর ও ১২৫ টন কাবিখার চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ৬৪ টন টিআরের চাল ছাড় করা হয়েছে।ভুক্তভোগী ব্যক্তিরা জানান, ডিওতে স্বাক্ষর নিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে (উপজেলা পরিষদ চত্বরে) গেলে ওই কার্যালয়ের পিয়ন আজিমুদ্দিনকে টনপ্রতি ৪০০ টাকা দিতে হচ্ছে। কার্যালয়ের সামনে ডিও কেনার জন্য একটি চক্র বসে থাকে।এক টন চালের ডিও তাদের দিয়ে দিতে হচ্ছে ১৩ হাজার টাকায়। আর এই চালের কাজ করে ৩৩ হাজার ৮০৫ টাকার মাস্টাররোল দাখিল করতে হচ্ছে।সরেরহাট কল্যাণী শিশু সদনের পরিচালক শামসুদ্দিন সরকার বলেন, তিনি দুই টন চালের ডিও পেয়েছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে একটি চক্রের সদস্যরা ডিও কেড়ে নিয়ে তাঁর হাতে ২৬ হাজার টাকা ধরিয়ে দেয়। অথচ এক টন চাল বাইরে বিক্রি করলে তিনি ২০ হাজার টাকার বেশি পেতেন। আর মাস্টাররোলের জন্য পিআইওর কার্যালয়ে গিয়ে তাঁকে দুই হাজার ২০০ টাকা দিতে হয়েছে।পিআইও নুরুল ইসলাম মাস্টাররোল অনুমোদনের জন্য টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। তবে তাঁর কার্যালয়ের পিয়ন মাস্টাররোল তৈরিতে সহযোগিতার জন্য টাকা নিতে পারে বলে তিনি জানান।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম তাঁর দপ্তরের বাইরে চক্রের সদস্যদের অবস্থানের কথা স্বীকার করে বলেন, ‘আজ (রোববার) সকাল থেকে তাদের দেখা যায়নি।’ তাঁর কার্যালয়ের পিয়ন আজিম উদ্দিন জানান, তিনি কোনো টাকা আদায় করেন না।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, জোরপূর্বক মানুষের কাছ থেকে ডিও কেড়ে নেওয়া হচ্ছে—এ খবর পেয়ে তিনি সকালে পুলিশ পাঠিয়েছেন। পুলিশ গিয়ে চক্রের লোকজনকে সরিয়ে দিয়েছে।