বাঘায় ডিজেলে ভর্তুকির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ
রাজশাহীর বাঘা উপজেলায় ডিজেলে ভর্তুকি দেওয়ার তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভর্তুকি পাওয়ার যোগ্য নন, এমন অনেকের নাম তালিকাভুক্ত করা হয়েছে।বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশের মতো বাঘায়ও ডিজেল ভর্তুকি দেওয়া হচ্ছে। এ জন্য কৃষকদের প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি—এই তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী দশমিক শূন্য পাঁচ একর থেকে দশমিক ৪৯ একর পর্যন্ত জমির মালিককে প্রান্তিক, দশমিক ৫০ থেকে দুই দশমিক ৪৯ একর পর্যন্ত ক্ষুদ্র এবং দুই দশমিক পাঁচ থেকে সাত দশমিক ৪৯ একর জমির মালিকদের মাঝারি কৃষক হিসেবে ধরা হয়েছে। ভর্তুকির জন্য প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা জনপ্রতি ৮০০ টাকা এবং মাঝারি কৃষকেরা পাবেন এক হাজার টাকা। বাঘার ছয়টি ইউনিয়ন এবং দুটি পৌর এলাকা মিলে তিন হাজার ৭৪৬ জন কৃষকের নাম তালিকাভুক্ত করে ব্যাংকে জমা দেওয়া হয়েছে।কিন্তু মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, এ তালিকায় অনিয়মের মাধ্যমে এক হাজারেরও বেশি নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে কোনো জমি না থাকলেও শহিদুল ইসলাম, তাঁর ভাই শাহাদুল ইসলাম ও একই গ্রামের বাদশার নাম তালিকাভুক্ত করা হয়েছে। একান্নবর্তী পরিবারের সদস্য রহমান মণ্ডল, তাঁর দুই ছেলে লালা ও মামুনের নামও রয়েছে ভর্তুকির তালিকায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রহমান মণ্ডল কোনো মন্তব্য করতে রাজি হননি।একই গ্রামে জমি থাকলেও বোরো আবাদ করেননি ঝড়ু প্রামাণিক, আবদুল মোত্তালেব, জালাল উদ্দিন ও ইদ্রিস আলী। কিন্তু ভর্তুকির তালিকায় তাঁদের নাম রয়েছে। একইভাবে বাজুবাঘা ইউনিয়নের বড় ছয়ঘটি গ্রামের সাইদুর রহমান, মাবিয়া খাতুন, নুফছার, সাবান, করিম খান, সিদ্দিক, চণ্ডীপুর গ্রামের ইন্তাজ আলীর নাম তালিকাভুক্ত করা হয়েছে।এ ছাড়া চণ্ডীপুর, বড় ছয়ঘটি ও খুদি ছয়ঘটি গ্রামের গভীর নলকূপের আওতায় বিদ্যুতের ভর্তুকির সুবিধা পাচ্ছেন, এমন ৩০ জনের নাম ডিজেলে ভর্তুকির তালিকায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভালোভাবে তদন্ত করলে অনিয়মের তালিকা আরও দীর্ঘ হবে।বাজুবাঘা ইউনিয়ন কৃষি কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কমিটির সবাই মিলে তালিকা করা হয়েছে। কমিটির সভাপতি বাজুবাঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘কৃষি কার্যালয়ের কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যরা যে তালিকা তৈরি করেছেন, বিশ্বাস করেই সেই তালিকায় স্বাক্ষর করেছি।’উপজেলা কৃষি কমিটির সদস্য ও আওয়ামী লীগের নেতা আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তালিকা করার মূল দায়িত্ব উপসহকারী কৃষি কর্মকর্তাদের। আমরা শুধু যাচাই-বাছাইয়ের দায়িত্বে ছিলাম।’ বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা আবু রাশেদ বলেন, তালিকায় কোনো অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মহসিন আলী মিঞা বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তালিকা পরিবর্তন করা হবে।