বাঘায় দুই শিক্ষককে মারধর শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহীর বাঘায় মনিগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজন শিক্ষককে মারধরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই উপজেলার মনিগ্রাম উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে শিক্ষার্থীদের ‘অভিভাবক সদস্য’ পদে চারজন সদস্য নির্বাচিত হন। তাঁরা বিদ্যালয়ের সভাপতি হিসেবে ওই এলাকার ব্যবসায়ী জিল্লুর রহমানের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবের ভিত্তিতে প্রধান শিক্ষক আবু মনোয়ার হোসেন কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে চিঠি পাঠান। কিন্তু শিক্ষা বোর্ড থেকে সাংসদ মনোনীত উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বাবুল ইসলামকে সভাপতি করে কমিটির অনুমোদন দেওয়া হয়।
গত মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষক আবু মনোয়ার ও সহকারী শিক্ষক শাহাদত আলী উপজেলা শিক্ষা কার্যালয়ে গেলে বাবুল ইসলামের লোকজন তাঁদের মারধর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।
এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বেলা ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মনিগ্রাম এলাকা প্রদক্ষিণ করে।
প্রধান শিক্ষক গতকাল বিকেলে জানান, হামলায় আহত হলেও ভয়ে তিনি এখন পর্যন্ত মামলা করেননি। তিনি বলেন, নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের ৩০ দিনের মধ্যে তা কার্যকর করার জন্য সভা ডাকতে হয়। বোর্ড থেকে বাবুল ইসলামকে সভাপতি করে দেওয়ার পর তিনি সভা করতে চেয়েছিলেন। কিন্তু বাবুল বলেন, ‘মন্ত্রী আসুক, তারপরে হবে।’ এভাবে ৩০ দিনের বেশি সময় পার হয়ে যায়।
এদিকে শিক্ষকদের বেতন তোলার জন্য শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে আগের সভাপতি আবদুল করিমকে দিয়ে প্রধান শিক্ষক বিলে স্বাক্ষর করে নেন। এতে ক্ষুব্ধ হয়ে বাবুলের সমর্থকেরা হামলা করেছেন বলে প্রধান শিক্ষক ধারণা করেন।
এ বিষয়ে বাবুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষককে বারবার মিটিং (সভা) দিতে বলার পরও তিনি তা না করায় আমার কর্মীরা ক্ষিপ্ত ছিল। তাই অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনা ঘটেছে।’ প্রতিষ্ঠানের বাইরে সংঘাতের ঘটনায় শিক্ষার্থীদের মাঠে নামানো ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনায় কেউ অভিযোগ না করায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।