বাঘায় নৌকাডুবিতে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে নৌকাডুবির ছয় ঘণ্টা পর দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার খানপুর খেয়াঘাট থেকে নৌকা ছাড়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি গিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার ভাটিতে তাদের লাশ খুঁজে পায়।

দুই শিক্ষার্থী হচ্ছে উপজেলার সুলতানপুর গ্রামের মুন্টু হোসেনের ছেলে সবুজ আহাম্মেদ (১৮) এবং আরাজি চাঁদপুর গ্রামের চান্দের আলীর ছেলে মনিরুল ইসলাম (১৬)। এদের মধ্যে সবুজ আলী পার্শ্ববর্তী লালপুর উপজেলার দুড়দুড়িয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং মনিরুল ইসলাম বাঘা উপজেলার খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

খানপুর গ্রামের বাসিন্দা ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সদস্য আফতাব হোসেন জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে খেয়াঘাট থেকে ছাড়ার পরপরই নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও এই দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। তারা সাঁতার জানত না।

খানপুর জেপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, দুজন শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান। তারা অন্যের জমিতে কাজ করার পাশাপাশি পড়াশোনাও করত। গতকাল শুক্রবার সকালে তারা খানপুর খেয়াঘাট দিয়ে পদ্মা নদীর চরে পাট কাটতে যাচ্ছিল।

রাজশাহী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত স্টেশন অফিসার ওমর ফারুক জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ছয় ঘণ্টা চেষ্টা করে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, নৌকাডুবির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।