বাঘায় ফেনসিডিল নিয়ে পুলিশের নাটক
রাজশাহীর বাঘা উপজেলায় সেলিম হোসেন নামের এক দর্জির দোকান থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার দিঘা বাজারের দর্জি সেলিম হোসেনের দোকানে বাপ্পি নামের পুলিশের এক দালাল এসে তাঁর প্যান্টের চেইন ঠিক করার কাজ দিয়ে সেখানে বসেন। কাজ শেষে তিনি দোকান ত্যাগ করার ১০ মিনিটের মধ্যে বাঘা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান একজন কনস্টেবল নিয়ে সাদা পোশাকে সেখানে উপস্থিত হন। তিনি দোকানের ঝুট কাপড়ের ভেতর থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তারপর তিনি সেলিমকে দোকানের ভেতর থেকে ডেকে বাইরে নিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন। এতে সেলিম রাজি না হওয়ায় তিনি তাঁকে ফেনসিডিলসহ চালান দেওয়ার হুমকি দেন। পরে পাঁচ হাজার টাকায় আপস হয় এবং এএসআই সাদা কাগজে দর্জির একটি স্বাক্ষর নিয়ে চলে যান।বিষয়টি জানাজানি হওয়ার পর নেতৃত্বস্থানীয় কয়েকজনকে বুধবার দুপুরে থানায় ডেকে পাঠানো হয়। পুলিশ ওই পাঁচ হাজার টাকা ফেরত দেয় এবং দর্জি সেলিমের সঙ্গে চুক্তি হয় যে, তাঁর সঙ্গে পুলিশের কিছু হয়নি। তিনি ঘটনা অস্বীকার করবেন, অন্যথায় জব্দ তালিকা তৈরি করাই আছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেলিম কোনো কথা বলতে চাননি। এ ব্যাপারে বাঘা থানার ওসি আবুল খায়ের প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।এএসআই হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে এমন অভিযোগ কেউ করেননি।’ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, তাঁর বিষয়ে তদন্ত চলছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘তাহলে স্যারেরাই ভালো জানেন।’