রাজশাহীর বাঘায় উপজেলা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দলীয় সমর্থন ঘোষণার পরদিন গতকাল সোমবার স্থানীয় নেতা-কর্মীরা জেলা নেতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ-সমাবেশ করেছেন। তাঁরা জেলা পর্যায়ের দুই নেতার কুশপুত্তলিকাও দাহ করেন।
রাজশাহীর বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে গত রোববার জেলা বিএনপির পক্ষ থেকে বাঘার প্রার্থীকে সমর্থন দেওয়া-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে। এতে জানানো হয়, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার সভাপতিত্বে ৭ ফেব্রুয়ারি জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভা হয়েছে। এতে জেলার সম্পাদক কামরুল মনির, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ আজিজুর রহমান, সহসভাপতি মইনুল আহসান, কেন্দ্রীয় সদস্য সৈয়দ শাহিন শওকত, জেলার সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে বাঘায় চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনকে দল-সমর্থিত প্রার্থী করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, বাঘায় চেয়ারম্যান পদে বিএনপি থেকে চারজন এবং ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হলেও গতকাল পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
এদিকে বিজ্ঞপ্তির মাধ্যমে দল-সমর্থিত প্রার্থীদের নাম জানার পর গতকাল বাঘা উপজেলা সদরে বিক্ষোভ-সমাবেশ করেছেন ক্ষুব্ধ স্থানীয় নেতা-কর্মীরা। বেলা দেড়টায় উপজেলা চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। পরে তা আবার উপজেলা চত্বরে ফিরে এসে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে।
সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি বাঘায় বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তৃণমূলের মতামত উপেক্ষা করে রাজশাহীতে বসে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
জেলা বিএনপির নেতা মতিউর রহমান অভিযোগ করেন, জেলা কার্যালয়ের সভায় প্রার্থী নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হয়নি। সেখানে উপস্থিত নেতা-কর্মীরা তৃণমূলের ভোটাভুটিতে প্রার্থী সমর্থনের পক্ষে ছিলেন। কিন্তু পরে সাবেক সাংসদ ঘরে বসেই এই প্রার্থিতা ঘোষণা করেছেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আবদুল গনি মণ্ডলও বলেন, তাঁর সঙ্গে তৃণমূলের নেতারা রয়েছেন। তিনি নির্বাচন করবেন।
পৌর যুবদলের সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালেহ আহাম্মেদ অভিযোগ করেন, জেলা নেতারা তাঁকে মনোনয়ন দেওয়ার বিনিময়ে তিন লাখ টাকা চেয়েছিলেন। না দেওয়ায় তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি।
এ ব্যাপারে কথা বলতে জেলা বিএনপির নেতা নাদিম মোস্তফা ও কামরুল মনিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ফোন ধরেননি। সাবেক সাংসদ ও কেন্দ্রীয় সদস্য আজিজুর রহমানের ফোনও বন্ধ ছিল।