বাঘায় ব্যবসায়ীদের কাছ থেকে গম কেনার অভিযোগ, ক্ষুব্ধ কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়নীতি লঙ্ঘন করে রাজশাহীর বাঘার খাদ্যগুদামে কৃষকদের বাদ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে গম কেনার অভিযোগ পাওয়া গেছে। কৃষকেরা বলছেন, তাঁদের গম খাদ্যগুদামের সামনে পড়ে নষ্ট হয়েছে। অথচ এই সময়ে কেনা হয়েছে ব্যবসায়ীদের গম।তবে বাঘা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নরোত্তম প্রামাণিক এ অভিযোগ অস্বীকার করেছেন। সরকারি ক্রয়নীতি অনুযায়ী, গম কৃষকদের কাছ থেকে কিনতে হবে সর্বোচ্চ দুই টন পর্যন্ত।বাঘার কলিগ্রামের কৃষক জামান, গত ১৫ এপ্রিল গম কেনার উদ্বোধনী দিনেই তাঁরা তিনজন তাঁদের গম গুদামের বাইরে স্তূপ করে রাখেন। তাঁদের সামনেই ব্যবসায়ীদের গম কেনা হলেও তাঁদের গম পড়ে থেকে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। তিনি অভিযোগ করেন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবসায়ীদের কাছ থেকে গোপনে অর্থ নিয়ে তাঁদের গমই কিনেছেন।রাকিব নামের এক কৃষকের অভিযোগ, ১৯ এপ্রিল থেকে তাঁর গম গুদামের সামনে ছিল। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে টনপ্রতি ১০০ টাকা, কর্মচারীদের ২০ টাকা এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার জন্য ৬০ টাকা করে না দেওয়ায় তাঁর গম নেওয়া হয়নি। ৪ মে তিনি তাঁর গম সরিয়ে নিয়েছেন।২৮ এপ্রিল বাঘা খাদ্যগুদামে গিয়ে দেখা যায়, গুদামের বাইরে শত শত বস্তা গম পড়ে রয়েছে। কিছু কৃষক ত্রিপল দিয়ে গমের বস্তা ঢেকে রেখেছেন। যাঁরা ঢাকতে পারেননি, তাঁদের গম বৃষ্টিতে ভিজে গেছে। গুদামের সামনেই এই গম তাঁরা শুকাতে দিয়েছেন। গুদামের রেজিস্টারে দেখা যায়, ২৫ এপ্রিল সর্বোচ্চ পরিমাণ ২০৮ টন গম কেনা হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় চার ভাগের এক ভাগ।অভিযোগের ব্যাপারে মুঠোফোনে নরোত্তম প্রামাণিক বলেন, ৮০৭ টন গম কেনার লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় আপাতত আর গম কেনা সম্ভব হচ্ছে না। তিনি টাকা নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে গম কেনার কথা অস্বীকার করে বলেন, যাঁরা আগে এসেছেন, তাঁদের গম আগে নেওয়া হয়েছে। এক রাতে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ গম কেনার অভিযোগ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক রবিউল ইসলাম বলেন, উপজেলা ক্রয় কমিটির স্লিপের মাধ্যমেই তাঁরা গম কিনছেন। উপজেলা কৃষি কার্যালয়ের ব্লক সুপারভাইজাররা যাঁদের কৃষক হিসেবে শনাক্ত করছেন, তাঁদের গমই কেনা হচ্ছে।রাজশাহীর ১২টি খাদ্যগুদামে এবার তিন হাজার ৮২৭ টন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১০টি গুদামে গম কেনা শেষ হয়েছে। বাকি দুটি বাগমারা ও গোদাগাড়ী খাদ্যগুদামে গম কেনা চলছে।