বাঘায় মাদককে 'না' বলার আন্দোলন
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার আন্দোলনে নামিয়েছে রাজশাহীর বাঘা উপজেলার ‘অনুশীলন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের কর্মীরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী চেতনা গড়ে তোলার জন্য কর্মশালা করছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় মাঠে এক কর্মশালার আয়োজন করা হয়৷ এ উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনের পক্ষ থেকে এলাকায় একটি শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে মাদকের ভয়াবহতার ওপর সচেতনতামূলক আলোচনা, মাদককে ‘না’ বলার শপথ পাঠ ও মাদকবিরোধী সংগীত পরিবেশন করা হয়। বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মোহাম্মদ শাহরিয়ার ফিরোজ।
এতে মূল প্রবন্ধ পাঠ করেন অনুশীলনের পরিচালক গোলাম তোফাজ্জল কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার সভাপতি ফারুক হোসেন, সদস্য মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থেকে উদ্যমী ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।