বাঘায় রাসায়নিক মেশানো ১০ টন আম ধ্বংস
রাসায়নিক মিশিয়ে আম প্যাকেট করার সময় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা ১০ টন আম আটক করেন। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ আমগুলো ধ্বংস করা হয় এবং ব্যবসায়ী আবদুল খালেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।র্যাবের উপপরিদর্শক শাহাদত জানান, ঢাকায় পাঠানোর জন্য পাঁচজন শ্রমিক রাসায়নিক মিশিয়ে আম প্যাকেট করছিলেন। তাঁরা সারা দিনে প্রায় ১০ টন আম প্যাকেট করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব আমগুলো জব্দ করে। এ সময় আম ব্যবসায়ী আবদুল খালেক (৪২), শ্রমিক আরিফুল ইসলাম (১৭), হামিদুল ইসলাম (১৮), পাশা (২০) ও মুক্তার হোসেনকে (১৮) আটক করা হয়। এঁদের সবার বাড়ি বাঘা উপজেলার মনিগ্রামে।এর পর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেওয়া হয়। তিনি সহকারী কমিশনার (ভূমি) বেঞ্জন চাম্বু গংকে ঘটনাস্থলে পাঠান। বেঞ্জন চাম্বু গং গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, স্থানীয় ব্যবসায়ী আবদুল খালেককে জরিমানা করা হয়েছে। আর ঢাকার ব্যবসায়ী রহিম ও রতনের কাছে এই আম পাঠানোর কথা ছিল। কিন্তু তাঁদের আর পাওয়া যায়নি। আটক শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে।