রাজশাহীর বাঘা উপজেলায় এসএসসি পরীক্ষার শাহদৌলা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা কাজী আবদুল মোকিমকে শিক্ষার্থীরা গতকাল রোববার ধাওয়া করে। তোপের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। তিনি পরীক্ষার্থীদের বহিষ্কার এড়াতে ওই কেন্দ্র থেকে ৪০ হাজার টাকা উৎকোচ দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অস্বীকার করেছেন কাজী আবদুল মোকিম। তবে তাঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, বাঘা উচ্চবিদ্যালয় কেন্দ্রে তদারকির দায়িত্ব থাকলেও কাজী আবদুল মোকিম গতকাল এসএসসি (ভোকেশনাল) পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালে শাহদৌলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে উৎকোচ দাবি করেন।
কেন্দ্রটির হল তত্ত্বাবধায়ক অধ্যক্ষ সামরুল ইসলাম ও রেজাউল করিম অভিযোগ করেন, গত ১০ ফেব্রুয়ারি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হলেও শাহদৌলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেলে তিনি কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করবেন বলে হুমকিও দেন। টাকা না পেয়ে সেদিন চলে গেলেও গতকাল তিনি আবার সেখানে গিয়ে উৎকোচ দাবি করেন। তিনি পরীক্ষার্থীদের বিরক্ত করতে শুরু করলে একপর্যায়ে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা তাঁকে ধাওয়া করে।
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ইউএনও মির্জা শাকিলা দিল হাছিন বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
অভিযোগ প্রসঙ্গে কাজী আবদুল মোকিম দাবি করেন, পরীক্ষা কমিটির সদস্য হিসেবে পরীক্ষা কেন্দ্র ও হলে যাওয়ার অধিকার তাঁর রয়েছে। গতকাল কক্ষ পরিদর্শকেরা পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়মবহির্ভূতভাবে উত্তরপত্রের ওএমআর ফরমের নির্দিষ্ট অংশ কাটছিলেন। এতে তিনি নিষেধ করায় ওই শিক্ষকেরা পরীক্ষার্থীদের দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছেন।