বাঘায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে সালিসে সংঘর্ষ, আহত ১০
রাজশাহীর বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর এলাকায় একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে গতকাল রোববার সকালে অনুষ্ঠিত গ্রাম্য সালিসে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ওই ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, পারসাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে আজিবুর রহমান একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি মীমাংসার জন্য আজিবুরের মামা আইয়ুব আলীর বাড়িতে গতকাল সকালে সালিস বসে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নগেন সরকারের সভাপতিত্বে সালিসে আজিবুরকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। নগেন সরকার বলেন, এ ধরনের অভিযোগ সালিসযোগ্য না হওয়া সত্ত্বেও এলাকাবাসীর অনুরোধে তিনি সালিসে বসেছিলেন। জরিমানার টাকা দেওয়া নিয়ে আজিবুরের পক্ষের লোকজন টালবাহানা শুরু করেন। একপর্যায়ে তাঁরা বাদীপক্ষের ওপর হামলা করলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। লাঠিসোঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হলে উভয় পক্ষের ১০ জন আহত হন। বাঘা থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম দুই পক্ষের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।