বাঘায় সাবেক পুলিশ পরিদর্শকের বাসায় সন্ত্রাসী হামলা
রাজশাহীর বাঘা উপজেলার চানপুর গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শকের বাসায় গত সোমবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা স্বর্ণালংকারসহ টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। আহত ব্যক্তিরা হলেন: বাড়ির মালিক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আসমত আলী (৬২), মিজানুর রহমান (২৫), জৈগোন্নেসা (৪০), নাহিদ (২৫) ও জসিম (২০)। তাঁদের মধ্যে শেষের তিনজনকে গুরুতর অবস্থায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় ২০ জন সশস্ত্র হামলাকারী গত সোমবার সন্ধ্যার দিকে আসমত আলীর বাড়ি ঘেরাও করে এবং তাঁর বাড়িসংলগ্ন মুরগির খামার ভাঙচুর করে প্রায় ২০০টি মুরগি মেরে ফেলে। পরে তাঁর ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। তারা এক লাখ ২৫ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লাখ টাকা লুট করে নেয়। হামলার খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে হামলাকারীদের ঘেরাও করে বাড়ির বাইরের ফটক বন্ধ করে দেয় এবং সাইফুল ইসলাম (৪০) ও আসেন আলী (৪১) নামের দুই সন্ত্রাসীকে আটক করে। তাঁদের বাড়ি পাশের লালপুর উপজেলার পানশীপাড়া গ্রামে। রাতেই তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, আসমত আলী রাতেই ১৭ জনকে আসামি করে একটি মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।