বাঘায় ২০০ আমগাছ কেটেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় গত বৃহস্পতিবার রাতে ১২ জন আমচাষির প্রায় ২০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে উপজেলার তিনটি গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ক্ষতিগ্রস্ত চাষিরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে। এদিকে গাছ হত্যাকারীদের ফাঁসি দাবি করেছেন আমচাষিরা।জানা গেছে, সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মান্নানের। তিনি বলেন, ‘ঘোলদার বিলের মনিগ্রাম মৌজায় দুই বছর আগে ৩২টি লকনা জাতের আমগাছ রোপণ করি। গাছগুলোতে এবার আম ধরার মতো অবস্থা হয়েছিল। গতকাল শুক্রবার ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হওয়ামাত্র ভাতিজা ফরহাদ এসে আমাকে নতুন আমবাগানের সব গাছ কেটে ফেলার খবর দেয়। তখনই দৌড়ে আমি মাঠে এসে দেখি সব গাছ দাঁড়িয়ে আছে। গাছের পাতাও তাজা রয়েছে। কিন্তু কাছে গিয়ে দেখি গাছগুলো আসলে লাঠির সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছে। প্রতিটি গাছেরই গোড়া কেটে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, এ বিলে দুই-তিন বছর বয়সী একটি গাছও আর অক্ষত নেই।উপজেলার মালিয়ান্দহ গ্রামের জামিরন বেওয়ার স্বামী আনোয়ার হোসেন বলেন, তাঁর শ্বশুর বেঁচে নেই। শাশুড়ির পাঁচ মেয়ে। কোনো ছেলে নেই। তাঁর জমি আছে, কিন্তু আবাদ করার কোনো মানুষ নেই। তাই তিনি সব জমিতে আমগাছ লাগানোর সিদ্ধান্ত নেন। আনোয়ার বলেন, তিনিই গত দুই বছর আগে ঘোলদার বিলে শাশুড়ির মণিগ্রাম মৌজার একটি জমিতে ১০টি ও কেশবপুর মৌজায় পাঁচটি আমগাছ লাগিয়ে দিয়েছিলেন। গাছগুলো সব বড় হয়ে গিয়েছিল। গত রাতে সব গাছ কেটে ফেলা হয়েছে। মনিগ্রামের মঞ্জুর কাদের বলেন, তাঁর নতুন বাগানের ১৩টি গাছ কেটে ফেলা হয়েছে। কৃষক এলাহী বক্স বলেন, বিলের কেশবপুর মৌজার জমিতে তাঁর ১৮টি দুই বছর বয়সী আমগাছ ছিল। সবই কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, এত গাছ কারও একার পক্ষে কাটা সম্ভব হয়নি। দল বেঁধে আসতে হয়েছে। তিনি বলেন, অপরাধী যেই হোক তার উপযুক্ত বিচার হওয়া দরকার। এদের ছাড়াও বিলের আসলাম হোসেন, নাইরুল ইসলাম, আবদুর রহমান, আবদুল বারি মোল্লা ও ভক্তর গাছ কেটে ফেলা হয়েছে। জাকির হোসেন নামের একজন আমচাষি বলেন, ‘বহাল হওয়া একটি আমগাছ কাটা আর একজন মানুষ হত্যা করা একই। তিনি বলেন, ‘আমরা এই গাছ হত্যাকারীদের ফাঁসি চাই।’ বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত কৃষকেরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাঘা থানার উপপরিদর্শক পীযূষ কান্তি কর্মকার। তিনি বলেন, ‘এতগুলো গাছ কাটার বিষয়টি সত্যিই মর্মান্তিক। চাষিরা অভিযোগ করলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’