বাঘের আক্রমণে জেলে নিহত
সুন্দরবনে বাঘের আক্রমণে টুকু ফরাজী (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঘাঘরামারি ক্যাম্প কার্যালয়ের খালে এ ঘটনা ঘটে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, বৃহস্পতিবার টুকু ফরাজী বন বিভাগের অনুমতি ছাড়াই ওই খালে মাছ ধরতে যান। দুপুর পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে থাকেন এবং বনকর্মীদের খবর দেন। বিকেল পাঁচটার দিকে বনকর্মী ও টুকুর স্বজনেরা ওই খালের একটি স্থানে চরের কাদায় মানুষ টেনেহিঁচড়ে নেওয়ার দাগ দেখতে পান। ওই দাগ অনুসরণ করে তাঁরা বনের কিছুটা ভেতরে গিয়ে টুকুর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। পরে লাশটি উদ্ধার করা হয়। টুকু ফরাজী ঘাঘরামারি স্টেশন এলাকাসংলগ্ন খুলনার দাকোপ উপজেলার আমতলা গ্রামের আশরাফ আলী ফরাজীর ছেলে।মিহির কুমার দো আরও জানান, বনে ঢোকার বৈধ অনুমতি না থাকায় টুকু ফরাজীর পরিবারকে সরকার-ঘোষিত এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না। গত ২৫ মে একই স্টেশনের চরের খালে মাছ ধরতে গিয়ে হেমায়েত শেখ (৩২) নামের অপর এক মৎস্যজীবী বাঘের আক্রমণে নিহত হন। একই কারণে হেমায়েতের পরিবারও ওই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়।