বাঘের আক্রমণে জেলে নিহত
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন। গতকাল রোববার শ্যামনগর উপজেলার কেওড়াতলী খালের পাড়ে এ ঘটনা ঘটে।নিহত জেলের নাম ইস্রাফিল হোসেন (৩৭)। তিনি শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের আবু দাউদ গাজীর ছেলে। টেংরাখালী গ্রামের সফিকুল হোসেন ও পারসেখালী গ্রামের ফারুক হোসেন জানান, গত ১ জুন ইস্রাফিল হোসেনসহ তাঁরা আটজন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। গতকাল ভোরে কেওড়াতলী খালের পাড়ে একটি বাঘ ইস্রাফিলের ওপর আক্রমণ চালায়। এ সময় তাঁরা নৌকার বৈঠা, লাঠি ও দা নিয়ে বাঘকে তাড়ানোর চেষ্টা চালান। এর পরও বাঘটি ইস্রাফিলকে টেনে বনের ভেতরে নিয়ে যায়। এ খবর জানার পর বন বিভাগের কর্মীরা গহিন থেকে তাঁর লাশ উদ্ধার করেন। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।