বাঘের আক্রমণে জেলের মৃত্যু
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন এলাকায় গতকাল সোমবার দুপুরে বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল মুজিদ ভাঙ্গী (৫৫)। বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামে।কালিঞ্চী গ্রামের আবদুর রাজ্জাক ও আজিবর রহমান প্রথম আলোকে জানান, গতকাল সকাল আটটার দিকে ভাঙ্গীসহ তাঁরা তিনজন পশ্চিম সুন্দরবনের কৈখালি স্টেশন থেকে অনুমতি নিয়ে নদীতে কাঁকড়া ধরতে যান। দুপুর একটার দিকে মাথাভাঙ্গা নদীর সীমানা খালে কাঁকড়া ধরার একপর্যায়ে একটি বাঘ ভাঙ্গীকে হঠাৎ আক্রমণ করে। এ সময় তিনি নৌকার বৈঠা দিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করেন। পরে সঙ্গী দুজনও বাঘটিকে লাঠি দিয়ে আঘাত করেন। বাঘে-মানুষের এই লড়াই প্রায় ২০ মিনিট ধরে চলে। এরপর ভাঙ্গীকে কামড়ে ধরে বাঘটি সুন্দরবনের গহিনে চলে যায়। বনবিভাগের সহায়তায় স্থানীয় লোকজন বেলা আড়াইটার দিকে ভাঙ্গীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।কৈখালি স্টেশনের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।