বাঘের আক্রমণে নারীশ্রমিক নিহত
পশ্চিম সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে বাঘের আক্রমণে আনোয়ারা বেগম (৪২) নামের এক নারীশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি টহল ফাঁড়ির ধানঘোরা খালের পার্শ্ববর্তী ফুলখালী এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের কওছার আলী গাজীর স্ত্রী।সুন্দরবনের ধানঘোরা খালে কাঁকড়া ধরতে যাওয়া শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের কামরুল ইসলাম গাজী ও আবদুল খালেক জানান, গতকাল দুপুর ১২টার দিকে ফুলখালী এলাকার একটি কেওড়াগাছ থেকে কেওড়া পেড়ে নিচে নামার সঙ্গে সঙ্গে একটি বাঘ আনোয়ারার ওপর আক্রমণ চালায়। তাঁরা নদী থেকে ওপরে ওঠার আগেই বাঘটি আনোয়ারাকে ধরে নিয়ে বনের ভেতরে চলে যায়। পরে তাঁরা কলাগাছি টহল ফাঁড়িতে খবর দেন। বন বিভাগ ও স্থানীয় লোকজন মিলে দুপুর আড়াইটার দিকে গভীর জঙ্গল থেকে আনোয়ারার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।সুন্দরবনের কলাগাছি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনোয়ারার লাশ তাঁর স্বামী কওছার আলী গাজীর কাছে হস্তান্তর করা হয়েছে।