বাঘের আক্রমণে মৌয়াল আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল আহত হয়েছেন। গত রোববার সুন্দরবনের কৈখালী স্টেশনের দায়েরগাং খালের ছোট কৈকারী এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত তিন দিনে সুন্দরবনে বাঘের আক্রমণে দুজন বনজীবী আহত হন।আহত হওয়া মৌয়ালের নাম আবদুল গনি গাজী (৪২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের জবেদ আলী গাজীর ছেলে। হরিনগর গ্রামের সোহরাব আলী গাজী ও শহীদ খাঁ জানান, আবদুল গনি গাজীসহ তাঁরা নয়জন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে গত ৯ এপ্রিল সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। রোববার সকাল সাড়ে আটটার দিকে ছোট কৈকারী এলাকায় পৌঁছালে একটি বাঘ আবদুল গনিকে আক্রমণ করে। এ সময় গনি দা দিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা সবাই মিলে লাঠি ও দা নিয়ে তাড়া করলে বাঘটি গহিন বনে চলে যায়। বাঘের আক্রমণে আবদুল গনির ঊরু, পা ও হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলার নলতা হাসপাতালে পাঠানো হয়েছে।