বাঘের আক্রমণে মৎস্যজীবী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের চরের খালে কাঁকড়া ধরতে গিয়ে গতকাল বুধবার সকালে হেমায়েত শেখ (৩২) নামের এক মৎস্যজীবী বাঘের হামলায় নিহত হয়েছেন। পরে বনকর্মীরা তাঁর মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। হেমায়েত খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ঢাংমারি গ্রামের বাসিন্দা।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে জানান, হেমায়েত শেখ ভোরে কাঁকড়া ধরতে চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের ঘাঘরামারি ক্যাম্পের চরের খালে যান। সকাল ১০টার দিকে আকস্মিকভাবে একটি বাঘ তাঁকে ধরে নিয়ে বনে ঢুকে পড়ে। পরে ঘাঘরামারি ক্যাম্পের বনকর্মীরা ঘটনাস্থলসংলগ্ন বনে তল্লাশি করে হেমায়েতের মৃতদেহ উদ্ধার করেন।ঢাংমারি স্টেশন কর্মকর্তা কাজী মোকাম্মেল হোসেন ঘটনাস্থল থেকে ফিরে এই প্রতিবেদককে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।