বাঘের আবাসস্থল সুন্দরবন বাঁচান
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে গতকাল রোববার খুলনায় ‘বাঘের আবাসস্থল সুন্দরবন বাঁচান’ স্লোগান নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় খুলনা সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসকের সন্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। সভার প্রধান অতিথি খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘সংসার যেমন রমণীর গুণে সুন্দর, সুন্দরবন তেমনি বাঘের জন্য সুন্দর। তাই আমাদের পরিবেশের জন্য সুন্দরবন, আর সুন্দরবনের জন্য বাঘ রক্ষা করা একান্ত জরুরি।’ অনুষ্ঠানে ‘বাঘের আবাসস্থল সুন্দবন বাঁচান’ প্রতিপাদ্যের ওপর মূল আলোচনা উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ওয়াসিউল ইসলাম। আরও বক্তব্য দেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেরাজুল ইসলাম, খুলনা অঞ্চলের বন সংরক্ষক আকবর হোসেন, অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ।