বাঘের বাচ্চা পাচার চক্রের প্রধান সাতক্ষীরায় গ্রেপ্তার
পশ্চিম সুন্দরবন থেকে রয়েল বেঙ্গলের টাইগারের তিনটি বাচ্চা পাচারের অভিযোগে পাচারকারী চক্রের প্রধান আবু ইছাকে (৩২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাত আটটার দিকে সাতক্ষীরা শহরের সায়েরখালের পাড়ে একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির তৈমুর জানান, আবু ইছা শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার, পাচার, জলদস্যু লালন, বনদস্যুদের টাকা লেনদেন, সুন্দরবনকে রুট হিসেবে ব্যবহার করে মাদকদ্রব্য পাচারসহ অসংখ্য অপরাধের অভিযোগ রয়েছে।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, গত ১৪ মে সুন্দরবনের হলদেবুনিয়া এলাকা থেকে তিনটি বাঘের বাচ্চা ধরে নিয়ে আসেন শ্যামনগরের সোরা গ্রামের আইয়ুব আলী, রইস উদ্দীন, মনিরুল ইসলাম, রুহুল আমিন, জহুর আলী, তারানিপুর গ্রামের সামছুর রহমান ও কৈখালী গ্রামের খোকন মোড়ল। পরে আবু ইছা ও তাঁর ভগ্নিপতি সোরা গ্রামের নুরুজ্জামান গাজী বাচ্চাগুলো একটি চক্রের কাছে ছয় লাখ টাকায় বিক্রি করে দেন।