বাঘের ভাস্কর্যের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে সড়কদ্বীপের ওপর বসানো বাঘের ভাস্কর্য গতকাল ভোরে ভেঙে পড়লে এক রিকশা-ভ্যানচালকের মৃত্যু হয়। সকালে ভাস্কর্যটি ঘিরে উৎসুক মানুষের ভিড় জমে l ছবি: প্রথম আলো
রাজধানীর কারওয়ান বাজারে সড়কদ্বীপের ওপর বসানো বাঘের ভাস্কর্য গতকাল ভোরে ভেঙে পড়লে এক রিকশা-ভ্যানচালকের মৃত্যু হয়। সকালে ভাস্কর্যটি ঘিরে উৎসুক মানুষের ভিড় জমে l ছবি: প্রথম আলো

‘মজা কইরা কইত, আমি বাঘের পাশে ঘুমাই। আমার কোনো ভয় নাই। কিন্তু ওই বাঘই আমার স্বামীরে লইয়্যা গেল।’ ঢাকা মেডিকেল কলেজ মর্গে গতকাল শুক্রবার এসব কথা বলে বিলাপ করছিলেন পারভীন বেগম। গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সড়কদ্বীপে বসানো বাঘের ভাস্কর্যের নিচে চাপা পড়ে প্রাণ হারানো মোহাম্মদ আলীর (৪২) স্ত্রী তিনি।
মোহাম্মদ আলী ছিলেন রিকশা–ভ্যানচালক। ফায়ার সার্ভিসের কর্মীরা মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান। ফায়ার সার্ভিসের কর্মী মো. শহীদ বলেন, বাঘের ভাস্কর্যের পাশে ভ্যান রেখে ভ্যানের ওপর ঘুমিয়েছিলেন মোহাম্মদ আলী। ভাস্কর্যটি হঠাৎ পড়ে গেলে তিনি চাপা পড়ে মারা যান।
মর্গে লাশ শনাক্ত করতে আসা মোহাম্মদ আলীর ছেলে পারভেজ আলী (১৮) সাংবাদিকদের বলেন, তাঁর বাবা ভোরে কারওয়ান বাজারে ভ্যানে কাঁচামাল বহন করতেন। এ জন্য কয়েক ঘণ্টা আগেই হাজারীবাগের এনায়েতগঞ্জের ভাড়া বাসা থেকে চলে আসতেন। কাজ শুরুর আগে বাঘের ভাস্কর্যের পাশে নিজের ভ্যানে শুয়ে বিশ্রাম নিতেন। চারজনের পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর।
এ ঘটনায় কলাবাগান থানায় তাঁর পরিবার অপমৃত্যুর মামলা করেছে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমরুল শাহেদ বলেন, রক্তক্ষরণে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ভাস্কর্যটি সরিয়ে নিতে খবর দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভাস্কর বলেন, ২০১০ সালে এসএ গেমসের আগে সেখানে একটি বাঘের ভাস্কর্য বসানো হয়েছিল। কিন্তু এর আকৃতি নিয়ে সমালোচনা হওয়ায় ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের আগে প্রায় ২৫ মণ ওজনের বাঘের এই ভাস্কর্য তৈরি করে এনে বসানো হয়। এর ভাস্কর হলেন সাইদুর রহমান। এটি স্থাপন করেছিল বাংলাদেশ পাবলিসিটি নামের বিজ্ঞাপনী সংস্থা। এ বিষয়ে জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিউটিফিকেশন সেল ভাস্কর্যটির দেখভালের দায়িত্বে রয়েছে। এ ব্যাপারে কথা বলতে বিউটিফিকেশন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপ্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।