বাঘের সঙ্গে তিন মিনিটের লড়াই
বাঘটি লাফ দিয়েছিল তাঁর শরীরের ওপর। কিন্তু সঠিক জায়গায় কামড় বসাতে পারেনি। এ সুযোগে টানা তিন মিনিট লড়াই চালিয়ে প্রাণে বেঁচে যান এক বাওয়ালি। তবে তিনি গুরুতর আহত হন। গত শুক্রবার পূর্ব সুন্দরবনের কোকিলমনি ত্রিকোণ দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।ওই বাওয়ালির নাম শফিকুল ইসলাম বয়াতি (২৫)। তিনি বাগেরহাটের শরণখোলা উপজেলার চালতেবুনিয়া গ্রামের কাঞ্চন বয়াতির ছেলে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে জানান, বন বিভাগের অনুমতি নিয়ে শফিকুল ও তাঁর ৮-১০ জন সহকর্মী ৩ এপ্রিল মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়েছিলেন। শুক্রবার বিকেল তিনটায় সুন্দরবনের কোকিলমনি এলাকায় মধু সংগ্রহের সময় একটি রয়েল বেঙ্গল টাইগার শফিকুলকে আক্রমণ করে। শফিকুলের সহকর্মী কাঞ্চন আলীর উদ্ধৃতি দিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, শুক্রবার বিকেলে কাঞ্চন ও শফিকুল একটি মৌচাক ভাঙছিলেন। হঠাৎ একটি বাঘ আক্রমণ চালিয়ে শফিকুলকে মাটিতে ফেলে দেয়। কাঞ্চন আলী তা দেখে চিৎকার শুরু করেন। এ সময় শফিকুল বাঘের পেটের নিচে ছিলেন এবং বাঘের সঙ্গে ধস্তাধস্তি করছিলেন। এভাবে প্রায় তিন মিনিট চলার পর কাঞ্চনের ডাকে আশপাশে থাকা তাঁদের সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে বাঘ শফিকুলকে ছেড়ে পালিয়ে যায়। বাঘের কামড় ও আঁচড়ে শফিকুলের ঘাড়, গলা ও বুকে গুরুতর জখম হয়। শুক্রবার রাত সাড়ে ১০টায় তাঁকে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একরামুল কবির জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে শফিকুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শফিকুল এখনো শঙ্কামুক্ত নন।