বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফেরা
বাগেরহাটের শরণখোলায় বাঘের সঙ্গে লড়াই করে এক মৌয়াল প্রাণ নিয়ে ফিরে এসেছেন। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলার রেঞ্জের শিয়ালী নদীর বাদামতলা খালে গত মঙ্গলবার ওই ঘটনা ঘটে।
বাঘের আক্রমণে আহত মৌয়াল হাসেম মোল্যাকে (৬০) প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বুধবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসেম উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী আবদুল কুদ্দুস জানান, ৯ এপ্রিল তাঁরা আটজন মৌয়াল বন বিভাগের কাছ থেকে পাস ( অনুমতি) নিয়ে সুন্দরবনে মধু আহরণে যান। মঙ্গলবার সুন্দরবনের বাদামতলা খালের পাশে বনের ভেতরে তাঁরা কয়েকটি ভাগ হয়ে মধু আহরণ করছিলেন। এ সময় হাসেমকে হঠাৎ একটি বাঘ আক্রমণ করে। কয়েক মিনিট ধরে বাঘের সঙ্গে তাঁর ধস্তাধস্তি চলে। হাসেমের চিৎকার শুনতে পেয়ে তাঁরা দ্রুত সেখানে গিয়ে নৌকায় থাকা হাঁড়ি ও থালা বাজিয়ে শব্দ করতে থাকেন। এতে বাঘটি হাসেমকে রেখে বনের ভেতরে চলে যায়। পরে হাসেমকে উদ্ধার করে প্রথমে সুন্দরবনের কোকিলমণি এলাকার কোস্টগার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ বলেন, বাঘ হাসেমের ডান হাতের কনুইয়ের ওপরের মাংসপেশী ছিঁড়ে নিয়ে গেছে। বাম হাতেও আঁচড় দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অসীম কুমার মজুমদার বলেন, হাসেমের ডান হাতে বড় ক্ষত তৈরি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনায় পাঠানো হয়েছে।