বাঘের সঙ্গে লড়াই করে বাবাকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে নিরঞ্জন মণ্ডল (৫১) নামের এক জেলেকে ফিরিয়ে এনেছেন তাঁর ছেলে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের দাতিনাখালী এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নিরঞ্জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের নিরঞ্জনের ছেলে আহত তাপস মণ্ডলের ভাষ্যমতে, বন বিভাগের কৈখালী স্টেশন থেকে কাঁকড়া ধরার পাস (অনুমতি) নিয়ে বৃহস্পতিবার তিনি ও তাঁর বাবা সুন্দরবনে যান। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মাথাভাঙ্গা নদীর দাতিনাখালী খালে জাল ফেলার সময় বনের ভেতর থেকে একটি বাঘ তাঁর বাবাকে আক্রমণ করে। বাঘটি বাবার ডান হাতে কামড়ে ধরে বনের ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি নৌকার বৈঠা দিয়ে বাঘের গায়ে আঘাত করেন ও চিৎকার করতে থাকেন। এ সময় একই খালে থাকা তিনজন কাঁকড়া শিকারি এসে বাঘের ওপর হামলা চালান। প্রায় ১০ মিনিট পর বাঘটি তাঁর বাবাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।