বাঘের সঙ্গে লড়াই করে ভাইকে রক্ষা
বাঘের সঙ্গে লড়াই করে ছোট ভাই আইয়ুব আলীকে ছিনিয়ে এনেছেন বড় ভাই বেল্লাল হোসেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। তাঁরা উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।বেল্লাল হোসেন জানান, সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে গতকাল সকালে তিনি আইয়ুবকে নিয়ে পশ্চিম সুন্দরবনে কাঁকড়া শিকারে যান। বেলা ১১টার দিকে তাঁরা আড়পাঙ্গাশিয়া নদীর মনোষা ভেটেপাড়া এলাকায় বনের পাশ ঘেঁষে কাঁকড়া ধরার সময় একটি বাঘ লাফিয়ে নৌকায় উঠে যায়। এ সময় বাঘটি আইয়ুবের ওপর আক্রমণ চালায়। বেল্লাল বৈঠা দিয়ে বাঘটিকে আঘাত করতে থাকেন। একপর্যায়ে বৈঠাটি ভেঙে যায়। পরে তিনি নৌকায় থাকা কুড়াল দিয়ে বাঘকে কোপাতে থাকলে বাঘটি আইয়ুবকে ছেড়ে দ্রুত বনের মধ্যে চলে যায়। বাঘের থাবায় আইয়ুবের হাত, মুখ ও মাথায় গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে। গতকাল বিকেলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক আবু মুছা জানান, ঘটনার অনেক পরে আইয়ুবকে হাসপাতালে নিয়ে আসায় রক্তশূন্যতা দেখা দিয়েছে। হাতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।