বাঘের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন বাবা ও ছেলে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের রামেশ্বর এলাকায় গত মঙ্গলবার বাঘের আক্রমণে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন নওশের গাজী (৬৫) ও তাঁর ছেলে ইসমাইল গাজী (১৬)। তাঁদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে।সুন্দরবনের কদমতলা স্টেশনের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নওশের গাজী ও তাঁর ছেলে কাঠ কাটার জন্য মঙ্গলবার সকাল নয়টার দিকে অবৈধভাবে সুন্দরবনে ঢোকার চেষ্টা করেন। বনপ্রহরীরা টের পেয়ে তাঁদের ফেরত পাঠায়। বিকেলের দিকে পশুরতলা খাল দিয়ে তাঁরা আবার চুরি করে কাঠ কাটার জন্য বনে ঢোকেন।সুন্দরবনে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন শ্যামনগর উপজেলার চণ্ডীপুর গ্রামের বিশু বাগদি ও মুন্সিগঞ্জ গ্রামের আলমগীর হোসেন। তাঁরা দুজন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে তাঁরা রমেশ্বর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় কিছুটা দূরে নদীর তীরে কাঠ কাটছিলেন নওশের ও তাঁর ছেলে ইসমাইল। হঠাৎ একটি বাঘ ইসমাইলের ওপর হামলে পড়ে। হাতে থাকা দা দিয়ে ইসমাইল বাঘটিকে কোপাতে থাকে। এ সময় তার বাবা নওশেরও দা ও লাঠি নিয়ে বাঘটিকে রোখার চেষ্টা করেন। বাবা ও ছেলের সঙ্গে প্রায় ২০ মিনিট বাঘের লড়াই চলে। একপর্যায়ে বাঘের থাবায় মারা যায় ইসমাইল। পরে নওশেরকে নিয়ে বাঘটি বনের ভেতরে ঢুকে পড়ে।বিশু ও আলমগীর আরও জানান, মঙ্গলবার রাত আটটার দিকে তাঁরা সুন্দরবনের কদমতলা স্টেশন ও নিহত বাবা-ছেলের বাড়িতে খবর পাঠান। এরপর রাত নয়টার দিকে বনপ্রহরী ও গ্রামের মানুষ বনে ঢুকে ইসমাইলের লাশ উদ্ধার করে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে সুন্দরবনের গহিন থেকে নওশের গাজীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে এলাকাবাসী ও বনকর্মীরা।বন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে দেওয়া হয়েছে। গতকাল তাঁদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।