বাঘের সঙ্গে লড়েও বাবাকে বাঁচাতে পারলেন না
বাঘের সঙ্গে প্রায় ১০ মিনিট লড়াই করেও বাবাকে বাঁচাতে পারেননি সিরাজুল ইসলাম। সিরাজুল ও তাঁর সঙ্গীদের ব্যর্থ করে দিয়ে বাবা কওছার মোড়লকে গহিন বনে নিয়ে যায় বাঘ।গতকাল মঙ্গলবার দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের চুনকুড়ি নদীর বাঁধনতলা এলাকায় এ ঘটনা ঘটে।কাওছারের (৬৫) বাড়ি সাতক্ষীরার শ্যা-মনগর উপজেলার মীরগাং গ্রামে। তিনি সুন্দরবনে মধু আহরণ এবং মাছ ও কাঁকড়া ধরার কাজ করতেন। বাঘের আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে কয়েক বছর আগে গঠিত ‘ভিলেজ টাইগার টিম’-এর নিজ গ্রামের প্রধান ছিলেন তিনি।কওছারের ছেলে সিরাজুল (৩৫) প্রথম আলোকে জানান, বন বিভাগের অনুমতি নিয়ে গতকাল সকালে তিনি ও তাঁর বাবা গ্রামের আটজনের একটি দল নিয়ে সুন্দরবনে যান। দলটি দুপুর সাড়ে ১২টার দিকে চুনকুড়ি নদীর বাঁধনতলা এলাকায় পৌঁছায়। একপর্যায়ে বাবা নৌকা থেকে নেমে কাঁকড়া ধরার জন্য গর্ত খোঁড়েন। এ সময় হঠাৎ করে বাঘটি এসে তাঁর ঘাড়ে থাবা মারে। এতে বাবা লুটিয়ে পড়েন। বাবাকে উদ্ধার করতে তিনিসহ দলের অন্যরা লাঠি হাতে বাঘটিকে ধাওয়া করেন। বাঘটিও তাঁদের দিকে তেড়ে আসে। এভাবে লড়াই চলে ৮ থেকে ১০ মিনিট। একপর্যায়ে বাবাকে কামড়ে ধরে বাঘটি বনের গভীরে চলে যায়।পশ্চিম সুন্দরবনের কদমতলা স্টেশন কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, গ্রামবাসী ও বন বিভাগের সদস্যরা বেলা তিনটার দিকে কওছারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন।গ্রামবাসী জানান, কওছার ছোটবেলা থেকে দুরন্ত ও সাহসী ছিলেন। বাঘের আক্রমণে নিহত বহু মানুষের লাশ উদ্ধার করেছেন তিনি।