বাঘের সঙ্গে ৩০ মিনিটের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘের সঙ্গে প্রায় ৩০ মিনিট লড়াই করে রক্ষা পেয়েছেন বাবা-ছেলেসহ তিন কাঁকড়া শিকারি। সুন্দরবনের তুষখালী এলাকায় গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মোস্তফা মোড়ল জানান, তিনি তাঁর ছেলে রাভু মোড়ল (১৭) ও ভাইপো রুবেল মোড়লকে (২২) নিয়ে সুন্দরবনের কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে ওই এলাকায় কাঁকড়া ধরতে যান। কাঁকড়া ধরার সময় একটি বাঘ রাভুর ওপর আক্রমণ চালায়। সঙ্গে সঙ্গে নৌকার বৈঠা ও লাঠি নিয়ে তিনি ও তাঁর ভাইপো বাঘের ওপর পাল্টা আক্রমণ চালান। একপর্যায়ে বাঘটি রাভুকে ছেড়ে দিয়ে রুবেলের ওপর আক্রমণ চালায়। আক্রমণ-পাল্টা আক্রমণ চলে প্রায় ৩০ মিনিট। একপর্যায়ে কাঁকড়া ও মাছ ধরার জন্য আসা আশপাশের জেলেরা বাঘের ওপর একসঙ্গে আক্রমণ চালালে বাঘটি বনের মধ্যে চলে যায়। আহত রাভু ও রুবেলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।সুন্দরবনের চুনকুড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।