রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজে গতকাল বুধবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ব্যাপক ভাঙচুর করা হয়। পুলিশ এ ঘটনায় ছাত্রলীগের অন্তত ৫০ কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরকারি বাঙলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক ঘণ্টা ধরে এই অবস্থা চলার সময় সংঘর্ষ কলেজের সামনের দারুস সালাম সড়কে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর করা হয়। কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষকারীরা রাস্তায় নেমে নির্বিচারে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে দারুস সালাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। মিরপুর ও দারুস সালাম থানার পুলিশ লাঠিপেটা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা উভয় পক্ষের অন্তত ৫০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। রাত পৌনে নয়টার পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটককৃতদের বিরুদ্ধে দারুস সালাম ও মিরপুর থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মিঠুন ও আবু জাফর পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
ছাত্রলীগের সূত্র জানায়, বাঙলা কলেজে ছাত্রলীগের আগের কমিটি ভেঙে দেওয়ার পর নতুন করে কোনো কমিটি গঠন করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঝেমধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মী দাবিদারেরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত ৫ ফেব্রুয়ারি সরকারি বাঙলা কলেজের পেছনে আবুল কাশেম ছাত্রাবাসে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি তাজা ককটেল, ২৪টি গুলি, ২১টি চাপাতি ও প্রচুর লাঠিসোঁটা উদ্ধার করে। এ ঘটনায় ৪৩ জনকে আটক করা হয়।