বাঙলা কলেজের ভিপি অষ্টম শ্রেণি পাস!
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছয়জন। তাঁদের সবাই মাঠে, দিনভর ব্যস্ত প্রচারে। তবে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমকে ঘিরে আলোচনাটা ভিন্ন একটা মাত্রা পেয়েছে।
গতকাল শনিবার মিরপুরের গাবতলী-গোলারটেক এলাকার এই ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মুজিব সারোয়ার মাসুমসহ অন্য প্রার্থীদের পোস্টারের ছড়াছড়ি। সবার এক কথা অষ্টম শ্রেণি পাস ব্যক্তি কলেজের ভিপি হন কী করে?
ঘটনা জানতে কথা হয় মুজিব সারোয়ার মাসুমের সঙ্গে। তিনিও নিজেকে সরকারি বাঙলা কলেজের নির্বাচিত সাবেক ভিপি হিসেবে পরিচয় দেন। তিনি এলাকায় পরিচিত ভিপি মাসুম হিসেবেও।
সমস্যাটা আসলে বেধেছে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা। শিক্ষাগত যোগ্যতার ঘরে মাসুম লিখেছেন অষ্টম শ্রেণি পাস। এই নিয়েই এলাকার ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা।
গোলারটেক এলাকার এক বাসিন্দা বলেন, রাজনীতিবিদেরা তো নানা কথাই বলেন। পরে এর অনেক কিছুই মিথ্যা প্রমাণিত হয়। মাসুমের ভিপিও মিথ্যা হয়ে গেলে রাজনীতিবিদদের আসল চরিত্র ফুটে উঠবে।
ভোটারদের কৌতূহলের আরও কারণ আছে। ঋণখেলাপির দায়ে প্রথমে মাসুমের মনোনয়নপত্রই বাতিল হয়ে যায়। দলীয় সমর্থনও চলে যায় আরেক প্রতিদ্বন্দ্বী লুৎফুর রহমানের অনুকূলে। কিন্তু আদালতের মাধ্যমে মনোনয়ন ফিরে পান মাসুম। ফেরে দলীয় সমর্থনও।
মুজিব সারোয়ার মাসুম বলেন, তিনি ১৯৯০ থেকে ৯৩ সাল পর্যন্ত বাঙলা কলেজের ভিপি ছিলেন। ছাত্র সংসদের কার্যালয়ে তাঁর শিক্ষাজীবনের সব সনদ ছিল। ছাত্রদল সে সময় হামলা করে সব পুড়িয়ে দেয়। পরে আর তোলা হয়নি। এবার তড়িঘড়ি করে স্কুলের সার্টিফিকেট তুলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।