বাঙালি খাবার খেয়ে, গান গেয়ে রাজকন্যার আনন্দময় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাই রাজকন্যা মাহা চাকরি সিরিনধর্ন গতকাল বুধবার সারাদিন গাইবান্ধার গ্রামগুলোতে ব্যস্ত সময় কাটিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে তিনি সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া জমিদারবাড়ি পরিদর্শন করেন। পরে কামারপাড়া ইউনিয়নের কেশালিডাঙ্গা ও হাটবামুনি গ্রামে জীবিতা বাংলাদেশ পরিচালিত মাতৃ-শিশুস্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক একাধিক গবেষণা প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সুবিধাভোগী নারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।রাজকন্যা মাহা কেশালিডাঙ্গা গ্রামের গৃহবধূ চামেলী রানীর বাড়িতে মুড়িভাজা ও কাঁথা সেলাই দেখেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রাজকন্যার গবেষণা প্রকল্প কার্যক্রম পরিদর্শনে যোগ দেন। দুপুরে জীবিতার বাংলাদেশের ধোপাডাঙ্গা আঞ্চলিক অফিসে দুপুরের খাবার খান।সেখানে সবার উদ্দেশে রাজকন্যা বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব সহজ-সরল ও অতিথিপরায়ণ। এ দেশের মানুষের মধ্যে ভালোবাসা প্রচুর। আমি এসব মানুষের উষ্ণ আতিথেয়তায় অভিভূত হয়েছি।’ বিকেলে জীবিতার মিলনায়তনে সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি।এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজকন্যা গাইবান্ধার বালাসীঘাটে গাড়ি থেকে নামলে গ্রামের মানুষজন তাঁকে দেখে অবাক হয়। বিস্ময়চোখে অনেকে মন্তব্য করেন, শার্ট-প্যান্ট পরা, গলায় ক্যামেরা ঝোলানো এ আবার কে! সন্ধ্যা সাতটার দিকে রাজকন্যা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্রের চর বেলেরচরের কুঁড়েঘরে পৌঁছান। প্রথমে তিনি কুঁড়েঘরগুলো ঘুরে দেখেন। গোয়ালঘরে দেখেন গাভির দুধ সংগ্রহ করার দৃশ্য। রাত সাড়ে আটটার দিকে ৩৫ জন সফরসঙ্গীসহ তিনি সেরে নেন রাতের খাবার। থাই রাজকন্যার জন্য তৈরি করা হয়েছিল বাঙালি খাবার। এর মধ্যে ছিল চিকন চালের ভাত, ডাল, ভর্তা, শাকসবজি, ছোট মাছ ও নানা ধরনের ফল। সেই সঙ্গে ছিল থাই সুপ।খাওয়ার পর রাজকন্যা ও তাঁর সফরসঙ্গীরা গান গেয়ে আনন্দ-উল্লাস ও আড্ডায় মেতে ওঠেন। রাত সাড়ে নয়টার দিকে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গাইবান্ধা বিজ্ঞান একাডেমির সহযোগিতায় রাজকন্যাকে টেলিস্কোপ দিয়ে মহাকাশের গ্রহ-নক্ষত্র দেখানো হয়।গতকাল সকালে রাজকন্যা রুটি, পরটা, ডিম, সবজি, ফলের জুস দিয়ে সকালের নাশতা সারেন। চা-কফি তো ছিলই। এরপর তাঁকে গাভির দুধ, ভাপা পিঠাসহ নানা ধরনের বাঙালি পিঠা খাওয়ানো হয়। তাঁর জন্য পিঠা তৈরি করেন ফুলছড়ির রসুলপুর গ্রামের গৃহবধূ হামিদা বেগম (৪২)। হামিদা বলেন, ‘হামার ঘরে হাতের পিট্যা আজারবেটিক (রাজকন্যা) খিলব্যার প্যায়্যা আনন্দোত বুকট্যা ভরি গ্যাচে।’আজ বৃহস্পতিবার রাজকন্যা মাহা চাকরির ঢাকায় ফেরার কথা। জীবিতা বাংলাদেশ গাইবান্ধা অফিসের কর্মকর্তা আবদুল জব্বার বলেন, গাইবান্ধায় অবস্থানকালে রাজকন্যা এই অঞ্চলের গ্রামীণ জীবন দেখে ও মা-শিশুদের সম্পর্কে জেনে অভিভূত হয়েছেন। তিনি গবেষণা প্রকল্পের সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেছেন।রাজকন্যা জীবিতা বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের মাতৃ-শিশুস্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক একাধিক গবেষণা প্রকল্প পরিদর্শনে গাইবান্ধায় আসেন।