মাটিরাঙ্গার তাইন্দংয়ে হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক দুজনের মুক্তি দাবি করে গতকাল সোমবার খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবদুল মজিদের নেতৃত্বে গতকাল সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে আবদুল মজিদ বলেন, তাইন্দংয়ের ঘটনা পার্বত্যাঞ্চল থেকে বাঙালিদের বিতাড়নে গভীর ষড়যন্ত্রের একটি অংশ। পাহাড়ের আঞ্চলিক দলগুলোর ষড়যন্ত্র ও অপপ্রচারে তাইন্দংয়ের ঘটনার দায় আজ বাঙালিদের ঘাড়ে চাপানো হয়েছে। সংবাদ সম্মেলন থেকে এই পরিকল্পিত ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের জন্য উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং বাঙালি ছাত্র পরিষদের দুই নেতা তবলছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তাইন্দং শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সম্পাদক সোহেল রানা, পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, সদস্য উমর ফারুখ প্রমুখ।
অপর দিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাহাজল ইসলামের নেতৃত্বে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি তাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, নূর হোসেন, মো. এরশাদ, কামরুল হাসান, মো. ইউনুছ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, তাইন্দংয়ের ঘটনায় নিরপরাধ বাঙালিদের মামলায় জড়ানো হয়েছে। বাঙালি ছাত্র পরিষদের দুই নেতাকে আটক করা হয়েছে। এই দুই নেতাকে সাত দিনের মধ্যে মুক্তি না দিলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বাঙালিদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।