বাঙালি ছাত্র বহনকারী বাস ভাঙচুর হামলায় সাত আদিবাসী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আদিবাসীদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধকালে গতকাল রোববার অবরোধকারীরা বাঙালি ছাত্র বহনকারী একটি বাস ভাঙচুর করেছে। এ ঘটনার পর বাঙালিদের হামলায় কমপক্ষে সাতজন আদিবাসী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৮ আদিবাসী শিক্ষক-শিক্ষার্থীকে প্রায় সাত ঘণ্টা জিম্মিও করে রাখা হয় বলে জানা যায়। আহতদের মধ্যে বিজয় চাকমা (২৬), সোহেল চাকমা (১২), সমাপ্ত চাকমা (১৭) ও দয়াল চন্দ্র চাকমাকে (৭০) বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর তিনজন বিতেন্দু চাকমা (২৬), জ্যোতিপ্রভা চাকমা (৬৫) ও পরিমল চাকমা (৬২) প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। বাঙালিরা গত বৃহস্পতিবার উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় আদিবাসীদের ওপর হামলা করে তাদের বাড়িঘরে লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে বাঘাইহাট এলাকার জনগণের ব্যানারে গত শনিবার বিকেলে বাঘাইছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আদিবাসীরা এই অবরোধের ডাক দেয়।স্থানীয় লোকজন জানায়, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কর্মীরা খাগড়াছড়িতে সংগঠনের সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে গতকাল সকালে বাসে করে বাঘাইছড়ি থেকে রওনা দেয়। বাসটি সকাল সাতটার দিকে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কের চার কিলোমিটার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা বাধা দেয় এবং বাসটিতে ভাঙচুর চালায়। বাঙালি ছাত্র পরিষদের কর্মীরা বাঘাইছড়ি সদরে ফিরে আদিবাসীদের ওপর হামলা শুরু করে। এ খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আদিবাসীদের রক্ষা করে।একই সময় বাঘাইহাট এলাকায়ও বাঙালি ছাত্র পরিষদ ও সমঅধিকার আন্দোলনের কর্মীরা আদিবাসীদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়।একাধিকবার চেষ্টা করেও এ ব্যাপারে বাঙালি ছাত্র পরিষদ ও সমঅধিকার আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।আদিবাসীরা অভিযোগ করে, বাঙালিরা বাঘাইহাট উচ্চবিদ্যালয় এলাকায় গিয়ে বিনা উসকানিতে আদিবাসী ছাত্রছাত্রীদের মারধর করে। এ সময় শিক্ষার্থীদের রক্ষায় এগিয়ে গেলে প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমাকেও মারধর করা হয়। বাঙালিরা ওই বিদ্যালয়ের দুই শিক্ষক ও ২৮ জন ছাত্রছাত্রীকে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যালয় ও ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে জিম্মি করে রাখে।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এ হুমায়ুন কবীর জিম্মিকারী বাঙালিদের ওপর চাপ সৃষ্টি করেন। এর পরিপ্রেক্ষিতে বাঙালিরা সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল এল থাংগার হাতে জিম্মি শিক্ষক ও ছাত্রছাত্রীদের ছেড়ে দেয়। চেয়ারম্যান লাল এল থাংগা জিম্মি শিক্ষক ও ছাত্রছাত্রীদের তাঁর হাতে তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা সবাইকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হুময়ুন কবীর গতকাল সন্ধ্যায় দাবি করেন, পরিস্থিতি এখন শান্ত। হামলাকারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হামলা ও ভাঙচুরের ব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম উদ্দিন জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।খাগড়াছড়িতে ইউপিডিএফের লাঠি মিছিলএদিকে বাঘাইছড়িতে আদিবাসীদের ওপর সেনা বাহিনী ও বাঙালিদের হামলার অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা-কর্মীরা গতকাল বিকেলে খাগড়াছড়ি সদরে লাঠি মিছিল করে। মিছিলটি স্বনির্ভর এলাকা থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এলাকা ঘুরে আবার স্বনির্ভর এলাকায় ফিরে শেষ হয়। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মিছিল করার অধিকার সবার আছে। কিন্তু লাঠি নিয়ে মিছিল করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। পুলিশের উচিত ছিল মিছিলটি নিয়ন্ত্রণ করা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।