বাংলা ভাষা নিয়ে যাঁরা নিবিড়ভাবে গবেষণা করেছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ তাঁদের প্রথম সারির একজন। গতকাল ছিল বহু ভাষাবিদ এই পণ্ডিতের ৪৬তম মৃত্যুবার্ষিকী। এই দিনে তাঁকে স্মরণ করে একটি একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে তাঁর কর্মক্ষেত্র বাংলা একাডেমি।
বেলা ১১টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে এই বক্তৃতানুষ্ঠানে একক বক্তা হিসেবে বক্তৃতা করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। বাংলা একডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আলতাফ হোসেন।
রফিকুল ইসলাম বলেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ এক মনীষাদীপ্ত মহাজীবনের নাম। বাঙালি জাতিসত্তা ও সংস্কৃতির প্রশ্নে তিনি কখনোই আপস করেননি। মাতৃভাষার প্রতি প্রবল অনুরাগ তাঁকে যেমন বাংলা ভাষার উদ্ভব-বিকাশ নিয়ে গবেষণায় প্রাণিত করেছে, তেমনি সর্বস্তরে মাতৃভাষা বাংলায় শিক্ষাদান প্রচলনের পক্ষে লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, ফজলুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।