বাঙালি জাতীয়তাবাদ বিভক্ত করার অনেক অপচেষ্টা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেছেন, বাংলার ইতিহাস, সাড়ে চার হাজার বছরের ইতিহাস। সময়ের আবর্তে এটি বাঙালি জাতীয়তাবাদে রূপ নিয়েছে। এই বাঙালি জাতীয়তাবাদকে বিভক্ত করার বহু অপচেষ্টা হয়েছে। কিন্তু তা কখনোই সফল হয়নি। কারণ ঐতিহ্য, কৃষ্টি, ভাষা ও সংস্কৃতি বাঙালি জাতীয়তাবাদকে সব সময়ই উদ্বুদ্ধ করেছে।গতকাল শুক্রবার রাজধানীর ডব্লিউ ভি এ মিলনায়তনে মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্ট আয়োজিত মেসবাহউদ্দিন খান তৃতীয় স্মারক বক্তৃতায় আনিসুজ্জামান এসব কথা বলেন। প্রতিবছর ইতিহাসবিদ মেসবাহউদ্দিন খানের জন্মবার্ষিকী উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে এই বক্তৃতার আয়োজন করা হয়।‘বাঙালীর আত্মপরিচয়’ শীর্ষক বক্তৃতায় বলেন, মধ্যবিত্তের মধ্যে বাংলা ভাষাবিরোধী একটি আবহ এখনো আছে। ধর্মীয় চেতনা দিয়েও বাঙালি চেতনাকে স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে। সব অপচেষ্টা অতিক্রম করে বাংলা ভাষা চিরদিন অম্লান থাকবে বলে উল্লেখ করেন তিনি।সভাপতির বক্তব্যে অধ্যাপক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলার কৃষক লাঙল ফেলে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর সেই কৃষকই আবার অস্ত্র ফেলে লাঙল কাঁধে নিয়েছেন। আসলে তাঁরাই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা। তাঁদের মূল্যায়ন করতে হবে, তুলে আনতে হবে।পরিবারের পক্ষ থেকে মেসবাহউদ্দিন খানের কর্মময় জীবন সম্পর্কে মহিউদ্দিন খান আলমগীর বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগের সাংসদ ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং চাকরিজীবনে জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন মুক্তিযুদ্ধের চেতনায় ও বাঙালি জাতীয়তাবাদের আদর্শে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান।