
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যা—টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক আবারও নির্বাচিত হয়েছেন। তিনজনই গতবারের চেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। লন্ডন থেকে নির্বাচিত তিন এমপিই লেবার পার্টির রাজনীতিক। তাঁদের মধ্যে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।
গত বৃহস্পতিবার নির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে নির্বাচিত হয়েছেন কেবল আসন ধরে রাখার লড়াইয়ে নামা ওই তিনজন।
উত্তর-পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক নির্বাচিত হলেন দ্বিতীয় মেয়াদে। তাঁর জয়ের ব্যবধান গতবারের ১ হাজার ১৩৮ থেকে বেড়ে এবার হয়েছে ১৫ হাজার ৫৬০। প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৪৬৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্লেয়ার লুইস লিল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট। শফিক সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ তাঁর বিজয় ভাষণে বলেন, হ্যামস্টেড অ্যান্ড কিলবার্নের বাসিন্দারা তাঁকে আবারও অবাক করেছেন। ২৬ বছর ধরে আসনটিতে নারী এমপি নির্বাচিত করায় তিনি এলাকাবাসীকে বিশেষ ধন্যবাদ জানান।
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হলেন রুশনারা আলী। ভোট পেয়েছেন ৪২ হাজার ৯৬৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চার্লট চিরিকোর চেয়ে ৩৫ হাজার ৫৯৩টি ভোট বেশি পেয়েছেন তিনি। ২০১৫ সালের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে রুশনারা ২৪ হাজার ভোট বেশি পেয়েছিলেন। বিজয় ভাষণে রুশনারা দলের কর্মী-সমর্থকসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এত বড় জয় তাঁর ভাবনার অতীত ছিল। স্থানীয় বাসিন্দাদের পক্ষে সংসদে আরও জোরালো ভূমিকা রেখে তিনি এর প্রতিদান দিতে চান।
লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে রূপা হকও এবার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন। এই আসনে ২০১৫ সালে তিনি মাত্র ২৭৪ ভোটে জয় পেয়েছিলেন। এবার বিজয়ী হয়েছেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে। রূপার এবারের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। বিজয়ী হওয়ার পর রূপা স্থানীয় মানুষের কল্যাণে তাঁর সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন।
গত বছর অনুষ্ঠিত গণভোটে বাঙালি এই তিন প্রার্থীর আসনে প্রায় ৭০ শতাংশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) বিপক্ষে ভোট দিয়েছিলেন। বাঙালি তিন কন্যার অবস্থানও ব্রেক্সিটের বিপক্ষে হওয়ায় এবার তাঁদের ভোট বেড়েছে বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
তিন বাঙালি কন্যার বিজয়ে গতকাল শুক্রবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, এ বিজয়ের মাধ্যমে তাঁরা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক—এই তিন কন্যার বিজয় আমাদের জন্য গর্বের বিষয়।’
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তিন কন্যার বিজয়ে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।