বাঙালি তিন কন্যার জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস ও ইউএনবির।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, রাষ্ট্রপতি বলেছেন, তাঁদের বিজয়ে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে তাঁদের তিনজনের সাফল্য কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক জানান, জয়ী তিন বাংলাদেশিকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই জয় যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের অংশগ্রহণকে আরও গুরুত্ববহ করে তুলবে।
টিউলিপের খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে টিউলিপের পক্ষে যাঁরা কাজ করেছেন, দেশে-বিদেশে যাঁরা সমর্থন জানিয়েছেন—তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টিউলিপের জন্য সবার কাছে দোয়া কামনা করেন প্রধানমন্ত্রী। এই বিজয়ে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন ও টিউলিপের মা শেখ রেহানাকেও অভিনন্দন জানিয়েছেন।