বান্দরবানে বাঙালি যুব পরিষদের সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আক্তারকে এক বছর বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নারী সদস্যের শ্লীলতাহানি করায় বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিভাবে এ সাজা দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার ইউএনও মাহে আলম সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। বালাঘাটার লোকজন বলেছেন, ১ ফেব্রুয়ারি যুব পরিষদের আরেক সদস্য ও আক্তারের ছোট ভাই ইমরান এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টা করেছিলেন। পুলিশ এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ বাঙালি যুব পরিষদ ও ছাত্র পরিষদ ইমরান অপহূত হয়েছে দাবি করে তিন পার্বত্য জেলায় হরতাল ও মানববন্ধন করেছে। প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে একটি বিশেষ মহল সহযোগিতা করছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। ওই ইউপি সদস্য প্রথম আলোকে জানান, তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যাচ্ছিলেন। এ সময় আক্তার তাঁকে পাওনা টাকা আদায়ের বিচার করে দেওয়ার কথা বলেন। সময় না থাকায় বিষয়টি পরে শুনবেন বললে আক্তার তাঁর ওপর খেপে গিয়ে তাঁকে মারধর ও কাপড়চোপড় ধরে টেনে শ্লীলতাহানি করেন। সদস্য আরও বলেন, তিনি এখন আতঙ্কে রয়েছেন। কারাগারে নিয়ে যাওয়ার সময়ও আক্তার জামিন এসে তাঁকে দেখে নেবেন বলে পুলিশের সামনে হুমকি দিয়েছেন। ইউএনও মাহে আলম বলেছেন, একজন ইউপি সদস্যকে মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে। এ জন্য তাৎক্ষণিকভাবে আক্তারকে এক বছরের সাজা দেওয়া হয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেছেন, বালাঘাটা এলাকায় মোহামঞ্চদ আক্তারসহ একটি অপরাধী চক্র দীর্ঘদিন সক্রিয় রয়েছে। এর মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। কলেজছাত্রীর শ্লীলতাহানি করা ইমরান অপহরণ হননি স্বীকার করে ওসি বলেন, তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হলে হরতালের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।