বাঙালি রক্ষণশীল নয়: রুশনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশনারা আলী
রুশনারা আলী

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেছেন, নারীর অগ্রযাত্রার ক্ষেত্রে বাঙালিরা রক্ষণশীল নয়, বরং তারা নারীদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করছে।
পূর্ব লন্ডনের দ্য অ্যাট্রিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে রুশনারা গত বৃহস্পতিবার এ বক্তব্য দেন। যুক্তরাজ্যে গত মে মাসের পার্লামেন্ট নির্বাচনে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় ভোটার ও সমর্থকদের ধন্যবাদ জানাতে রুশনারা আলী নিজেই ওই অনুষ্ঠানের আয়োজন করেন।
যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির এমপি রুশনারা বলেন, দেশটির মূলধারার গণমাধ্যমকর্মীরা তাঁকে প্রায়ই একটি প্রশ্ন করেন, নারী হওয়ার কারণে তিনি নিজ (স্থানীয় বাংলাদেশি কমিউনিটি) কমিউনিটির তরফ থেকে কোনো বাধার মুখোমুখি হন কি না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাধা পাওয়ার তো প্রশ্নই ওঠে না। বাঙালি কমিউনিটির জ্যেষ্ঠ ব্যক্তিরাই বরং তাঁকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ জোগাচ্ছেন।
টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির কাউন্সিলর জশোয়া পেকের পরিচালনায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে রুশনারাই ছিলেন একমাত্র বক্তা। তিনি ২০১০ সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। গত মে মাসের নির্বাচনে দেশব্যাপী লেবার পার্টির ভরাডুবি হলেও রুশনারা আগেরবারের তুলনায় প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হন। রুশনারা বলেন, গত মেয়াদে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। এবার রুপা হক ও টিউলিপ সিদ্দিক তাঁর সঙ্গে যুক্ত হওয়ায় তিনি নিজেকে কিছুটা ভারমুক্ত মনে করছেন।
অনুষ্ঠানে রুশনারা আলীর নির্বাচনী প্রচার দল, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা ও টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সমর্থকেরা উপস্থিত ছিলেন।