
‘স্কটিশ, আইরিশসহ আরও অনেক জাতির মতো বাঙালি জাতিও শাসকের ভাষা মেনে নেয়নি। নিলে আজ বাংলা কথাসাহিত্য এ পর্যায়ে পৌঁছাত না। এমনকি পশ্চিমবঙ্গের বাংলা ভাষাও হিন্দির পাকস্থলীর ভেতরে হারিয়ে যেত। বাংলা ভাষা ও কথাসাহিত্যের আজকের এ অগ্রগতির দাবিদার ভাষাসংগ্রামী এবং এ দেশের বাঙালিরা।’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে কথাসাহিত্য নিয়ে কথাগুলো বলেন পশ্চিমবঙ্গের লেখক স্বপ্নময় চক্রবর্তী।
গতকাল বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের দ্বিতীয় দিন। বেলা সাড়ে তিনটা থেকে ছিল এর দ্বিতীয় পর্বের দ্বিতীয় অধিবেশন। অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চের এ অধিবেশনে কথা হয় কথাসাহিত্য নিয়ে। তিনটি মূল প্রবন্ধ নিয়ে আসেন বিশ্বজিৎ ঘোষ, স্বপ্নময় চক্রবর্তী ও অমর মিত্র। হাসান আজিজুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জ্যোতিপ্রকাশ দত্ত, পারভেজ হোসেন, আনিসুল হক ও জাকির তালুকদার।
সকালে প্রথম পর্বে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছিল বিদেশি লেখকদের বক্তব্য ও কবিতাপাঠ। ফকরুল আলমের সভাপতিত্বে এতে অংশ নেন অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, জার্মানির ইওনা বুর্কহাডর ও টবিয়াস বুর্কহাডর, পুয়ের্তোরিকোর লুস মারিয়া লোপেজ ও মারিয়া ডি লোস অ্যানজেলেস কামাকো রিভাস, রাশিয়ার ভিক্টর আলেক্সান্ড্রোভিচ পোগাদাইভ ও চীনের ইউ চেন। দুপুরে দ্বিতীয় অধিবেশনে একই মিলনায়তনে দেশি-বিদেশি কবি-লেখকদের মুক্ত আলোচনা। কায়সার হকের সভাপতিত্বে বিদেশি সাহিত্যিকদের সঙ্গে এতে অংশ নেন বাংলাদেশের মুহম্মদ নূরুল হুদা, সৈয়দ মনজুরুল ইসলাম, মিজারুল কায়েস, শামীম আজাদ, আমিনুর রহমান, সুমন রহমান, রশিদ আসকারী।
দ্বিতীয় পর্বের প্রথম অধিবেশনে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা ২০১৭ প্রদান করা হয়। বেলা তিনটায় গ্রন্থমেলার মূলমঞ্চে সম্মাননা জানানো হয় জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, ভাষাসংগ্রামী আহমদ রফিক, তিন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম চৌধুরী এবং বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরকে। আনিসুজ্জামানের সম্মাননা নেন ছেলে আনন্দ জামান।
দ্বিতীয় পর্বের তৃতীয় অধিবেশনে ছিল বাংলা ভাষায় স্বরচিত কবিতাপাঠ।
সাহিত্য সম্মেলন আজ
সকাল ১০টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মূল প্রবন্ধ পড়বেন ভারতের শ্যামলকান্তি দাশ ও মাসুদুজ্জামান। আলোচনা করবেন অসীম সাহা, ইকবাল হাসান, তুষার দাশ, ফরিদ কবির। বেলা তিনটায় মূলমঞ্চে প্রবন্ধ পড়বেন শান্তনু কায়সার ও ভারতের সুমিতা চক্রবর্তী। আলোচনা করবেন পূরবী বসু, মোরশেদ শফিউল হাসান, রফিকউল্লাহ খান, বেগম আকতার কামাল, ভারতের সুনন্দা সিকদার, সঞ্জয় মুখোপাধ্যায়, ইমানুল হক, চীনের ইয়াং উই মিং সর্না।
বিকেল পাঁচটায় ‘মুক্তিযুদ্ধের সাহিত্য’ বিষয়ে মূলমঞ্চে প্রবন্ধ পড়বেন আবুল মোমেন, শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘সাহিত্য ও ফোকলোরের পারস্পরিক মিথস্ক্রিয়া’ নিয়ে প্রবন্ধ পড়বেন ফিরোজ মাহমুদ ও শাহিদা খাতুন। সন্ধ্যা ছয়টায় মূলমঞ্চে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্য ভাষার কবির স্বরচিত কবিতা এবং ছড়াপাঠ।